আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, তার দেশ রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসের শিকারে পরিণত হয়েছে। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, বিশ্ব এখন বুঝতে পেরেছে কোনো কোনো দেশ পাকিস্তানে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কন্সটেবুয়েলারির শিক্ষা সমাপনী কুচকাওয়াজে দেয়া ভাষণে এ সব কথা বলেন তিনি। পেশোয়ার থেকে ২৫ কিলোমিটার দূরে শবেকদর দুর্গে এ ভাষণ দেন তিনি।
তিনি বলেন, নারী,শিশু, বৃদ্ধ এবং সংখ্যালঘুদের লক্ষকরে যারা হামলা চালাচ্ছে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তানে তৎপর উগ্রবাদী এ সব গোষ্ঠীকে বিদেশিরা তহবিল যোগাচ্ছে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, তারা বিদেশিদের তাবেদার। পাকিস্তানের অগ্রগতি চায় না এমন সব দেশ তহবিল যোগাচ্ছে বলে জানান তিনি।
কিন্তু অগ্রগতি অব্যাহত রাখতে এবং শক্রকে পরাজিত করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।#